ট্রাম্পের ছেলেকে বিদ্রুপ করায় মার্কিন কমেডি লেখক বরখাস্ত
-
মেলানিয়ার পাশে ব্যারন ট্রাম্প
আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারনকে বিদ্রুপ করে টুইট করার কারণে দেশটির বিখ্যাত কমেডি লেখক কেটি রিচকে একটি টিভি শো থেকে বরখাস্ত করা হয়েছে। আমেরিকার বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে। গত শুক্রবার এক টুইট বার্তায় কেটি রিচ লিখেছিলেন, "ব্যারন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হোম-স্কুল শ্যুটার হবেন।"
এরপর তিনি টুইট বার্তাটি তার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন এবং সোমবার আরেক টুইট বার্তায় ব্যারনকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমাও প্রার্থনা করেন। কিন্তু তার শেষরক্ষা হয়নি। এবিসি চ্যানেলের 'সেটারডে নাইট লাইভ' বা এসএনএল থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। টিভি শো'র সঙ্গে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এ খবর নিশ্চিত করেছে। এনবিসি টেলিভিশন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
কেটি রিচ, এনবিসি টিভির 'সেটারডে নাইট লাইভ' এর চিত্রনাট্য রচয়িতা ছিলেন। ট্রাম্প এর আগে ওই টিভি শো'র সমালোচনা করেছেন। ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের ব্যাপক সমালোচনা করেছেন। ক্ষুব্ধ ট্রাম্প সাংবাদিকদেরকে 'পৃথিবীর সবচাইতে অসৎ মানুষ' বলে অভিহিত করেছেন।
ব্যারন ট্রাম্প হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সন্তান। ট্রাম্পের ছেলে ব্যারনের পক্ষে অবস্থান নিয়েছেন অনেকেই। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারির একমাত্র সন্তান চেলসি ক্লিনটন, ব্যারনকে সমর্থন করে এক টুইট বার্তায় লিখেছেন,"কোনো শিশুর বিষয়ে এভাবে কথা বলা উচিত নয়। ব্যারনকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেয়া দরকার।"
তবে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার পরও কেটি রিচকে বরখাস্ত করায় অনেকেই বলছেন, ট্রাম্প শাসনামলে মিডিয়ার লোকদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ নানা সমস্যা সৃষ্টি করা হবে। আর এটি হচ্ছে তার প্রথম উদাহরণ। তারা বলছেন, কমেডি লেখক কেটি রিচ, ট্রাম্পের অসহনশীল নীতির প্রথম শিকারে পরিণত হলেন। এটাকে টিভি কর্তৃপক্ষের "সেলফ সেন্সরশিপ" হিসেবেও দেখছেন কেউ কেউ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪