চীন সীমান্তে ‘ভ্রাম্যমাণ’ বাঙ্কার বানাচ্ছে ভারত
-
চীন এবং ভারতের একটি সীমান্ত চৌকি
চীন সীমান্তে ‘ভ্রাম্যমাণ’ বাঙ্কার নির্মাণ করছে ভারত। ২০১৫ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’এর নয়াদিল্লি সফরের সময়ে সীমান্তে বাঙ্কার নির্মাণ নিয়ে চীনা সেনাদের প্রতিবাদকে কেন্দ্র করে বিব্রত অবস্থায় পড়েছিল ভারত। এ সমস্যায় পুনরায় যেন পড়তে না হয় সে জন্য ‘ভ্রাম্যমাণ’ বাঙ্কার তৈরির পথ বেছে নিয়েছে দেশটি।
চীন সীমান্তে বাঙ্কার নির্মাণের প্রক্রিয়াকে জোরদার করেছেন ভারতের নব নিযুক্ত সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সূত্র থেকে জানানো হয়েছে, বাঙ্কার নির্মাণের জন্য সেনাবাহিনীকে কংক্রিটের অবকাঠামো সরবরাহ করা হচ্ছে। সিকিমের কাছাকাছি এলাকায় এ ভাবে শত শত বাঙ্কার তৈরির কাজ চলছে। আসাম এবং সিকিমের সমতলভূমিতে এ ভাবে নির্মিত বাঙ্কার সহজেই হিমালয় অঞ্চলে পাঠিয়ে দেয়া যায়।
ভারত ৯০ হাজার সেনার শক্তিশালী মাউন্টেন কোর তৈরি করতে আগ্রহী। বাঙ্কার নির্মাণের তৎপরতার মধ্য এ আগ্রহের গভীরতার প্রতিফলন ঘটছে। সত্যিকার নিয়ন্ত্রণ রেখা বা এলএসি নামে পরিচিত চীনের সঙ্গে বিরাজমান ২৫২১ মাইল দীর্ঘ সীমান্তে মোতায়েনের জন্য এ বাহিনী তৈরি করা হবে।
এদিকে, চলতি মাসের ২৪ তারিখে জেনারেল রাওয়াত পশ্চিমাঞ্চলীয় অরুণাচল রাজ্যের চীন সীমান্তের কাছাকাছি এলাকা পরিদর্শন করেন। তাওয়াং সহ অন্যান্য এলাকা পরিদর্শন করেছেন তিনি । কোর কমান্ডাররা তাকে বহির্হুমকি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এ ছাড়া, এর মাত্র একদিন আগেই জেনারেল রাওয়াত সিয়াচেন সফর করেছেন। পূর্বাঞ্চলীয় লাদাখের এ এলাকাকে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত রণক্ষেত্র বলা হয়। ১৯৮৪ সাল থেকে এ এলাকায় মাঝে মাঝেই যুদ্ধে জড়িয়ে পড়েছে পাকিস্তান এবং ভারত।#
পার্সটুডে/মূসা রেজা/২৫