রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i31925-রাশিয়ার_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_বহাল_রাখতে_হবে_ব্রিটিশ_প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনারও বিরোধিতা করেছেন তিনি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ০৪:০৩ Asia/Dhaka
  • হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে মে ও ট্রাম্প
    হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে মে ও ট্রাম্প

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনারও বিরোধিতা করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র সফররত মে শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া মিনস্ক চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করার আগ পর্যন্ত মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যাবে না।

ইউক্রেন সংকট নিরসনের জন্য ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেন, রাশিয়া, জার্মানী ও ফ্রান্স একটি শান্তি চুক্তি সই করে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, মস্কো এ চুক্তি পুরোপুরি মেনে চলছে না।

ইউক্রেনে গত কয়েক বছরের সংঘর্ষে অন্তত ৯,৫০০ লোক নিহত ও ২১,০০০ লোক আহত হয়েছে। মিনস্ক চুক্তির ফলে দেশটির দূরবর্তী এলাকাগুলোতে সেনাবাহিনী ও রুশপন্থি অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ কমে এলেও সার্বিকভাবে দু’পক্ষের যুদ্ধ এখনো চলছে।

থেরেসা মে বলেন, ইউক্রেট সংকটের সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আমেরিকার উচিত হবে না।  সেইসঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিও একই আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে ইঙ্গিত দিয়েছেন তাকে বিশ্বের যুদ্ধকামী নেতারা  ভালো চোখে দেখছেন না।  নয়া মার্কিন প্রশাসন মস্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া হিসেবে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে- এই আশঙ্কা থেকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী এ বক্তব্য দিলেন বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮