ভিসা নিষেধাজ্ঞা: প্রতিবাদ জানাতে সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/world-i32029-ভিসা_নিষেধাজ্ঞা_প্রতিবাদ_জানাতে_সুইস_রাষ্ট্রদূতকে_তলব_করল_ইরান
ইরানসহ সাত মুসলমান দেশের বিরুদ্ধে আরোপিত মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে আজ(রোববার) তলব করা হয়েছে। তেহরানের মার্কিন স্বার্থ সংক্রান্ত বিষয়ের প্রতিনিধিত্ব করে সুইজারল্যান্ড। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৭ ১৮:৪৮ Asia/Dhaka
  • ভিসা নিষেধাজ্ঞা: প্রতিবাদ জানাতে সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ইরানসহ সাত মুসলমান দেশের বিরুদ্ধে আরোপিত মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে আজ(রোববার) তলব করা হয়েছে। তেহরানের মার্কিন স্বার্থ সংক্রান্ত বিষয়ের প্রতিনিধিত্ব করে সুইজারল্যান্ড। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ কথা জানিয়েছেন।

গত শুক্রবার জারি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশ বলে ইরানসহ বিশ্বের  সাতটি মুসলমান দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ আদেশের শিকার বাকি দেশগুলো হলো, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া এবং সোমালিয়া।

কাসেমি জানান, রাষ্ট্রদূত গিওলিও হাসের কাছে ইরানের আনুষ্ঠানিক প্রতিবাদ পত্র হস্তান্তর করেন তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা সংক্রান্ত মহাসচিব মোহাম্মদ কেশাওয়ারশ-জাদেহ।

ইরাকি কূটনীতিবিদ এ সময়ে সুইস রাষ্ট্রদূতকে বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশ মনগড়া, বৈষম্যমূলক এবং অগ্রহণযোগ্য বক্তব্যের ওপর ভিত্তি করে জরি করা হয়েছে। এটি মানবাধিকার কনভেনশন এবং ১৯৫৫ সালের ১৫ আগস্ট ইরানের সঙ্গে আমেরিকার সই করা আইনি এবং কনস্যুলার চুক্তির বিরোধী বলেও কাসেমি জানান।

ইরানিদের নাগরিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে কেশাওয়ারশ-জাদেহ আরো বলেন, দশকের পর দশক ধরে মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর শিকার হয়েছে ইরানিরা। এ ছাড়া, কোনো উগ্রবাদী বা সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতায় ইরানিরা জড়িত নয় বলেও জানান তিনি।

কাসেমি বলেন, ইরানিরা সেখানেই বসবাস করেন সেখানকার আইন মেনে চলেন বলেও সুইস রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে।

সুইস রাষ্ট্রদূত জবাবে বলেন, ট্রাম্পের সাম্প্রতিক আদেশকে কেন্দ্র করে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত আছেন তিনি। এ ছাড়া, ইরানের প্রতিবাদের বিষয়টিও দ্রুত মার্কিন পররাষ্ট্র দফতরকে অবহিত করা হবে বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৯