যুদ্ধবাজ হেকমতিয়ারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
-
আফগানিস্তানের যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার
আফগানিস্তানের যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হেকমতিয়ার ছিলেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের একটি গেরিলা গোষ্ঠীর নেতা। এ গোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করার পাঁচ মাস পর জাতিসংঘ এ পদক্ষেপ নিল।
কাবুল সরকারের অনুরোধের পর শুক্রবার শেষ বেলায় বিশ্ব সংস্থা হেকমতিয়ারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে- ১২৬৭, ১৯৮৯ এবং ২২৫৩ নম্বর প্রস্তাব অনুসারে আইএসআইএল , আল-কায়েদা এবং তাদের সহযোগী ব্যক্তি, গোষ্ঠী, দায়িত্বশীল এবং তাদের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা তালিকা থেকে নিরাপত্তা পরিষদের কমিটি গুলবুদ্দিন হেকমতিয়ারের নাম প্রত্যাহার করে নিচ্ছে। আফগান সরকার ও হেকমতিয়ারের অনুগত গোষ্ঠী এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, আফগানিস্তানের জন্য এটা একটা ঐতিহাসিক দিন।
গত বছরের সেপ্টেম্বর মাসে হেজবে ইসলামি দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে শান্তি চুক্তি করে আফগান সরকার। তার আগে সাত মাস ধরে এ বিষয়ে আলোচনা চলে।
১৯৮০ সালের দিকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনী আগ্রাসন চালালে তাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেন হেকমতিয়ার। কিন্তু সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে বিজয়ের পর ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আফগানিস্তানে যে গৃহযুদ্ধ চলে তখন হেকমতিয়ার একটি গেরিলা গোষ্ঠীর নেতৃত্ব দেন যাদের বিরুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ ছিল। তালেবান শাসনামলে ২০০১ সালে হেকমতিয়ারকে আমেরিকা ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে আখ্যা দেয় এবং এক পর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫