ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা: প্রতিবাদ করল চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। ইরানকে লক্ষ্য করে দেয়া নিষেধাজ্ঞার তালিকায় চীনা কয়েকটি কোম্পানি ও কয়েকজন ব্যক্তি রয়েছেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং আজ (সোমবার) বলেছেন, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় যে ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে চীনা নাগরিক ও প্রতিষ্ঠান রয়েছে এবং বেইজিং তার আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে। লু নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, “একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরা আগের মতোই প্রতিবাদ করেছি।”
নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগে গত মার্চ মাসে চীনা টেলিযোগাযোগ কোম্পানি জেডটিই’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। সে সময়ও বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে চীন বলে আসছে- আমেরিকার অভ্যন্তরীণ আইন চীনের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে।
নতুন নিষেধাজ্ঞা তালিকায় চীনের দুটি কোম্পানি ও তিনজন নাগরিক রয়েছেন। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান আমেরিকার কোনো অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন না কিংবা কোনো কোম্পানির সঙ্গে ব্যবসা করতে পারবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬