ব্রিটিশ সামরিক বিমান উড়তে না দিয়ে সেনা সদস্যকে আটক করল জিব্রাল্টার
-
জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে আছে ব্রিটিশ সামরিক বিমান
ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনী বা আরএএফের একটি জেট বিমানের ওড়ার পথ গাড়ি দিয়ে আটকে দিয়ে বিমানের ভেতর থেকে এক ব্যক্তিকে আটক করেছে জিব্রালটার পুলিশ। যৌন হেনস্তা করার দায়ে ব্রিটিশ সামরিক বাহিনীর ওই ব্যক্তিকে আটকের পাশাপাশি তার কম্পিউটারসহ যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।
জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার এখতিয়ার নিয়ে সৃষ্ট গোলযোগের ফলে বিমানটি প্রায় দু’ঘণ্টা রানওয়তে আটকে ছিল। জিব্রাল্টার পুলিশের গাড়ি রানওয়েতে অবস্থান নেয়ায় ব্রিটিশ বিমানবাহিনীর জেটটি উড়তে পারে নি।
অবশ্য, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গাড়ি পুলিশের গাড়ির গতিরোধের ব্যর্থ চেষ্টা করেছিল বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। যৌন হেনস্তা করার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ব্রিটিশ সামরিক বিমান থেকে আটক এবং তার কম্পিউটারসহ যন্ত্রপাতি জব্দ করার মধ্যদিয়ে এর শেষ হয়।
কিন্তু ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) অপরাধের প্রকৃতি নিশ্চিত করতে অস্বীকার করেছে। অবশ্য তারা বলেছে, 'একটি ঘটনা ঘটেছে এবং রানওয়ে অনির্ধারিতভাবে বন্ধ ছিল' বলে নিশ্চিত করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৯