আফগানিস্তানে ন্যাটোর হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত
-
ন্যাটোর বিমান হামলায় মাটির তৈরি একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হামলায় অন্তত ১১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে। তবে ন্যাটো বাহিনী হামলার কথা নিশ্চিত করলেও বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেনি।
আফগান গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোররাতে হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় ন্যাটো বাহিনীর বিমান হামলা হয়।
তালেবান সূত্রের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা পাজুক জানায়, সাঙ্গিন জেলায় বিদেশি বাহিনীর হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত এবং আরো বহু লোক আহত হয়েছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়, আমেরিকার দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান বি৫২ দিয়ে এ হামলা চালানো হয়েছে।
তবে হেলমান্দ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ করিম আতাল বলেছেন, হামলায় একটি পরিবারের ১১ সদস্য নিহত হয়েছে। তবে বিমান হামলাটি কারা চালিয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে, আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর মুখপাত্র চার্লস ক্লিভল্যান্ড বলেছেন, সাঙ্গিন জেলায় গত কয়েক সপ্তাহ ধরে তালেবান ও আফগান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল এবং আমরা এ যুদ্ধে আফগান বাহিনীকে বিমান সহায়তা দিচ্ছিলাম। তবে ওই হামলায় কোনো বেসামরিক নাগরিকের হতাহত হওয়ার খবর আমাদের জানা নেই।”
তবে অভিযোগ ওঠার কারণে এখন ন্যাটো জোট বিষয়টি তদন্ত করে দেখবে বলে তিনি জানান। মার্কিন বাহিনী সব সময় তাদের হামলায় বেসামরিক নাগরিক নিহত হলে এ ধরনের দাবি করে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২