৬৭ ভাগ রুশ নাগরিক ন্যাটোকে হুমকি মনে করে: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i32869-৬৭_ভাগ_রুশ_নাগরিক_ন্যাটোকে_হুমকি_মনে_করে_জরিপ
রাশিয়ার শতকরা ৬৭ ভাগ নাগরিক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে তাদের দেশের জন্য হুমকি মনে করে। ২০০৮ সালের পর এত বেশি সংখ্যক রুশ নাগরিক আর কখনো ন্যাটোকে হুমকি মনে করেনি। গ্যালোপের পক্ষ থেকে প্রকাশিত এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ০৬:০৯ Asia/Dhaka
  • ৬৭ ভাগ রুশ নাগরিক ন্যাটোকে হুমকি মনে করে: জরিপ

রাশিয়ার শতকরা ৬৭ ভাগ নাগরিক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে তাদের দেশের জন্য হুমকি মনে করে। ২০০৮ সালের পর এত বেশি সংখ্যক রুশ নাগরিক আর কখনো ন্যাটোকে হুমকি মনে করেনি। গ্যালোপের পক্ষ থেকে প্রকাশিত এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপ ও উত্তর আমেরিকার ২৮ জাতির সামরিক জোট ন্যাটোকে ২০১২ সালে মাত্র ৩৮ ভাগ রুশ নাগরিক  হুমকি বলে মনে করত।  এ ছাড়া, বেলারুশের ৫৪ শতাংশ নাগরিক এই সামরিক জোটকে তাদের দেশের জন্য হুমকি বলে মনে করছে। চার বছর আগে দেশটির মাত্র ৩৫ ভাগ লোক এমন ধারণা পোষণ করত।

এমনকি রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে আসার জন্য যেসব দেশকে আমেরিকা অজুহাত হিসেবে ব্যবহার করছে সেসব দেশের নাগরিকরাও ন্যাটোকে তাদের নিরাপত্তা রক্ষাকারী হিসেবে মনে করার পরিবর্তে হুমকি বলে মনে করছে। ইউক্রেনের ৩৫ শতাংশ, কাজাখস্তানের ৩১ শতাংশ, কিরঘিজিস্তানের ৩০ শতাংশ,  মোলদোভার ২৭ শতাংশ, আর্মেনিয়ার ২০ শতাংশ এবং তাজিকিস্তানের ৩৪ শতাংশ জনগণ ন্যাটোকে হুমকি হিসেবে মনে করছে।

ইউক্রেনে এই ধারণা পোষণকারী জনগণের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘর্ষ ছড়িয়ে পড়ার সময় দেশটির শতকরা ৩৬ ভাগ নাগরিক ন্যাটোকে নিরাপত্তা রক্ষাকারী হিসেবে মনে করত। সে সময় ন্যাটোকে হুমকি মনে করত ইউক্রেনের মাত্র ২০ ভাগ মানুষ।

কিন্তু কয়েক বছরের সংঘর্ষে ক্লান্ত হয়ে পড়া ইউক্রেনের বেশিরভাগ নাগরিক এখন ন্যাটোকে হুমকি হিসেবে বিবেচনা করছে।  নিজের জরিপের বিশ্লেষণে গ্যালোপ বলেছে, অদূর ভবিষ্যতে ইউক্রেনের সংঘর্ষ অবসানের কোনো লক্ষন না থাকায় ইউক্রেনের জনগণের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে যাচ্ছে যে, ন্যাটো তাদের সংকট সমাধানে আর কোনো ভূমিকা রাখতে পারবে না।

রাশিয়া বহু বছর ধরে অভিযোগ করেছে আসছে, দেশটির পশ্চিম সীমান্ত জুড়ে সামরিক শক্তি জোরদার করছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এ জোট এর প্রতিক্রিয়ায় বলছে, মস্কোর ‘আগ্রাসন’ রুখে দেয়ার লক্ষ্যে এ কাজ করছে তারা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩