রাকায় নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালাল দূরপাল্লার রুশ বোমারু বিমান
সিরিয়ার রাকা নগরীতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে রাশিয়া। রাশিয়ার দূরপাল্লার তু-৯৫এমএস বোমারু বিমান থেকে পুরোপুরি নতুন এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে। রাকাকে দায়েশের কথিত রাজধানী হিসেবে মনে করা হয়।
অবশ্য, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে নতুন এ ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিশদ কোনো তথ্য দেয়া হয় নি। দূরপাল্লার বোমারু বিমানগুলো রাশিয়ার ঘাঁটি থেকে আকাশে উড়েছে এবং দায়েশ লক্ষ্যবস্তুর ওপর সফল হামলার পর নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে এসেছে। রাকাতে অভিযানে চালানোর সময়ে বোমারু বিমানগুলোকে প্রহরা দিয়েছে সিরিয়ার হামিমিম বিমান ঘাঁটি থেকে উড়ে যাওয়া রুশ সু-৩০এসএম এবং সু-৩৫এস যুদ্ধবিমান।
এ দিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সিরিয়ায় সমন্বয়ের ভিত্তিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন নেতৃত্বাধীন জোটও রাকাতে কথিত বিমান হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৮