২০১৪ সালের পর রাশিয়া ও ন্যাটোর মধ্যে প্রথম সামরিক যোগাযোগ
https://parstoday.ir/bn/news/world-i33912-২০১৪_সালের_পর_রাশিয়া_ও_ন্যাটোর_মধ্যে_প্রথম_সামরিক_যোগাযোগ
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ও রাশিয়ার সামরিক কমান্ডাররা তিন বছরের মধ্যে প্রথম টেলিফোনে আলাপ করেছেন। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ন্যাটো জোট একতরফাভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত রাখার পর এই প্রথম এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০১৭ ০৪:৩৪ Asia/Dhaka
  • পেত্র পাভেল-ভ্যালেরি গেরাসিমভ
    পেত্র পাভেল-ভ্যালেরি গেরাসিমভ

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ও রাশিয়ার সামরিক কমান্ডাররা তিন বছরের মধ্যে প্রথম টেলিফোনে আলাপ করেছেন। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ন্যাটো জোট একতরফাভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত রাখার পর এই প্রথম এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, ন্যাটো কাউন্সিল রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ার পর এই প্রথম উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ অনুষ্ঠিত হলো।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ টেলিফোনে ন্যাটোর সামরিক কমিটির প্রধান জেনারেল পেত্র পাভেলের সঙ্গে কথা বলেছেন। দুই কমান্ডার চলমান নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে মতবিনিময়ন করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

টেলিফোনালাপে রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো জোটের ‘উল্লেখযোগ্য’ সেনা ও সামরিক সরঞ্জাম সমাবেশে উদ্বেগ প্রকাশ করেন গেরাসিমভ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদরদপ্তর এ টেলিফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। ওই দপ্তর বলেছে, ন্যাটো এবং রাশিয়ার স্বার্থেই দু’পক্ষের মধ্যে সামরিক যোগাযোগ রক্ষা করা জরুরি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪