রাশিয়া সীমান্তে মহড়া শুরু করেছে ৮,০০০ ন্যাটো সেনা
https://parstoday.ir/bn/news/world-i34074-রাশিয়া_সীমান্তে_মহড়া_শুরু_করেছে_৮_০০০_ন্যাটো_সেনা
নরওয়ের উত্তরাঞ্চলীয় ‘ফিনমার্ক’ অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৮,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। রুশ সীমান্ত থেকে ১৬০ কিলোমিটার দূরে মোতায়েন করা এসব সেনা যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০১৭ ০২:০২ Asia/Dhaka
  • নরওয়ের ফিনমার্ক অঞ্চলে চলছে এ মহড়া
    নরওয়ের ফিনমার্ক অঞ্চলে চলছে এ মহড়া

নরওয়ের উত্তরাঞ্চলীয় ‘ফিনমার্ক’ অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৮,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। রুশ সীমান্ত থেকে ১৬০ কিলোমিটার দূরে মোতায়েন করা এসব সেনা যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

ব্রিটেন, আমেরিকা ও নরওয়ের সেনাদের অংশগ্রহণে ‘জয়েন্ট ভাইকিং’ সামরিক মহড়া সোমবার থেকে শুরু হয়েছে এবং তা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। নরওয়ের সশস্ত্র বাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘দেশটির প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনার স্বার্থে’ এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

মহড়ায় অংশগ্রহণকারী একজন মার্কিন সেনা

মহড়া চলার ১১ দিন ওই এলাকার আকাশে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র ইভার মোয়েন। তিনি বলেছেন, নরওয়ের বিভিন্ন অঞ্চলে ২০১৩ সাল থেকে প্রতি বছর এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়ে এসেছে।

তবে ফিনমার্ক অঞ্চলে ২০১৫ সালে অনুষ্ঠিত যৌথ মহড়াকে রাশিয়া উস্কানিমূলক বলে ধরে নিয়েছিল। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পূর্বাঞ্চলীয় কোলা উপত্যকায় বিশাল সামরিক মহড়া চালায় মস্কো। অবশ্য  ফিনমার্কে অনুষ্ঠানরত এবারের মহড়া সম্পর্কে রাশিয়াকে আগেভাগে জানিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন ইভার মোয়েন। এ সম্পর্কে এখনো মস্কোর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭