আমেরিকা-উ. কোরিয়ার সংঘাত নিরসনে সহায়তায় চীনের প্রস্তাব
https://parstoday.ir/bn/news/world-i34160-আমেরিকা_উ._কোরিয়ার_সংঘাত_নিরসনে_সহায়তায়_চীনের_প্রস্তাব
আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক উত্তেজনা নিরসনে সহায়তা করার জন্য প্রস্তাব দিয়েছে চীন। দেশটি বলেছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়া বন্ধ করলে উত্তর কোরিয়া তার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৭ ১৪:২৫ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
    চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক উত্তেজনা নিরসনে সহায়তা করার জন্য প্রস্তাব দিয়েছে চীন। দেশটি বলেছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়া বন্ধ করলে উত্তর কোরিয়া তার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করবে।

আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া একদিকে এবং উত্তর কোরিয়া অন্যদিকে। অবস্থা দৃষ্টে দু পক্ষকে মনে হচ্ছে-দু দিক থেকে দুটি ট্রেন আসছে এবং কেউ কাউকে সাইড দিচ্ছে না; সংঘর্ষ অনিবার্য।

ওয়াং ই প্রশ্ন করেন, দু পক্ষ কী সংঘর্ষের জন্য প্রস্তুত। আমাদের সামনে এখন অগ্রাধিকার- লালবাতি জ্বালানো এবং দুটি ট্রেনেই ব্রেক কষা।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, স্থগিতের বিনিময়ে স্থগিত -এ নীতি নিরাপত্তার ক্ষেত্রে উভয়সংকট থেকে আমাদের পরিত্রাণ দিতে পারে এবং দু পক্ষ আবার আলোচনার টেবিলে ফিরে আসতে পারে।

চলতি মার্চ মাসের প্রথম দিকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এর বিরোধিতা করে উত্তর কোরিয়া আমেরিকার বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছে। এছাড়া, সোমবার পিয়ংইয়ং চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮