সৌদির সঙ্গে মতপার্থক্য নিরসনে চীনের মধ্যস্থতাকে স্বাগত জানাল ইরান
-
বেইজিংয়ের ইরানি দূতাবাস
সৌদি আরবের সঙ্গে বিরাজমান মতপার্থক্য নিরসনে চীনের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে ইরান। এর আগে সৌদি আরব এক তরফা ভাবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।
আজ(শুক্রবার) এক বিবৃতিতে বেইজিংয়ের ইরানি দূতাবাস সৌদি পররাষ্ট্র নীতির সমালোচনা করেছে। এতে বলা হয়েছে, সাম্প্রদায়িক এবং ধর্মীয় বিরোধ উসকে দেয়ার পাশাপাশি তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে মদদ দিয়ে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে অস্থিতিশীল করছে রিয়াদ।
এ ছাড়া বিবৃতিতে ইয়েমেনের নিরীহ মানুষের বিরুদ্ধে প্রায় দু’বছর ধরে অব্যাহত সৌদি আগ্রাসনের কথাও তুলে ধরা হয়। একে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সব ধরণের আচরণের বিরোধী হিসেবে উল্লেখ করে আরো বলা হয়, সৌদি আরব একটি দুষ্ট রাষ্ট্রে পরিণত হয়েছে।
গোটা মধ্যপ্রাচ্য জুড়ে স্পর্শকাতর পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিবেশী সব দেশের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার ইরানি তৎপরতার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আঞ্চলিক মুসলমান দেশগুলো এর প্রয়োজনীয়তা বুঝতে পারবে বলে এখনো প্রত্যাশা করছে তেহরান।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের আচরণের বিপরীতে ইরান সব ধরণের গঠনমূলক তৎপরতাকেও স্বাগত জানায়। মধ্যপ্রাচ্যে সংলাপ ও সমঝোতার যে প্রস্তাব কুয়েতের আমির দিয়েছেন তাকেও স্বাগত জানিয়েছ ইরান। এ ছাড়া, গণ প্রজাতন্ত্রী চীনের গঠনমূলক ভূমিকাকেও ইরান স্বাগত জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ।
বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান এবং সৌদি আরবের মধ্যে বিরাজমান সংকট সুরাহা করার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন,এ মত পার্থক্য দূরীকরণে সহায়তা করতে বেইজিং প্রস্তুত রয়েছে।
অবশ্য চীনের এ প্রস্তাবের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।#
পার্সটুডে/মূসা রেজা/১০