সৌদি আরবে সেনা পাঠায় নি পাকিস্তান: পাক প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i34580-সৌদি_আরবে_সেনা_পাঠায়_নি_পাকিস্তান_পাক_প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য তার দেশ সৌদি সীমান্তে কোনো সেনা পাঠায় নি। গতকাল (বুধবার) তিনি পাকিস্তানের জাতীয় সংসদে এ কথা ঘোষণা করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ১৪:৩৩ Asia/Dhaka
  • সংসদে বক্তব্য রাখছেন খাজা আসিফ (ফাইল ফটো)
    সংসদে বক্তব্য রাখছেন খাজা আসিফ (ফাইল ফটো)

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য তার দেশ সৌদি সীমান্তে কোনো সেনা পাঠায় নি। গতকাল (বুধবার) তিনি পাকিস্তানের জাতীয় সংসদে এ কথা ঘোষণা করেন।

খাজা আসিফ বলেছেন, সৌদি আরবে পাকিস্তানের সেনা পাঠানো নিয়ে যেসব খবর প্রচার করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এর আগে, লন্ডনভিত্তিক মিডল ইস্ট আই নামের একটি সংবাদ মাধ্যম শীর্ষ পর্যায়ের সামরিক সূত্রের বরাত দিয়ে এক্সক্লুসিভ রিপোর্টে বলেছিল, ইয়েমেনের কাছে সৌদি সীমান্তে পাকিস্তান এক ব্রিগেড সেনা পাঠিয়েছে। তবে ওই রিপোর্টকে পাক সেনাবাহিনী নিশ্চিত করে নি।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তির আওতায় এরইমধ্যে দেশটিতে এক হাজার পাকিস্তানি সেনা রয়েছে। তিনি জানান, “ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান কোনো রকমের হস্তক্ষেপ করছে না। পাকিস্তান একটি শান্তিকামী দেশ এবং মুসলিম দেশগুলোর দ্বন্দ্বে ইসলামাবাদ মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত।”

২০১৫ সালে সৌদি আরব চেয়েছিল কথিত ৩৪ জাতির সামরিক জোটে পাকিস্তান যোগ দিক কিন্তু ইসলামাবাদ রিয়াদের সে অনুরোধ প্রত্যাখ্যান করে। পাকিস্তান সংসদ সে সময় সৌদি জোটে যোগ দেয়ার তীব্র বিরোধিতা করছিল।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬