পাক-আফগান সীমান্ত অবিলম্বে খুলে দেয়ার নির্দেশ দিলেন নওয়াজ
https://parstoday.ir/bn/news/world-i34814-পাক_আফগান_সীমান্ত_অবিলম্বে_খুলে_দেয়ার_নির্দেশ_দিলেন_নওয়াজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অবিলম্বে পাক-আফগানিস্তান সীমান্ত পথগুলো খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২০, ২০১৭ ১৬:৩৫ Asia/Dhaka
  • পাক-আফগান সীমান্ত অবিলম্বে খুলে দেয়ার নির্দেশ দিলেন নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অবিলম্বে পাক-আফগানিস্তান সীমান্ত পথগুলো খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।

শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এসব সীমান্ত পথ খুলে দেয়ার জন্য নওয়াজ পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বলে দেশটির কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর ভবন থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত পথগুলো যেসব কারণে বন্ধ করে দেয়া হয়েছিল তা দূর করতে আফগান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাকিস্তানে ধারাবাহিক বোমা হামলাকে কেন্দ্র করে গত মাসে এসব সীমান্ত পথ বন্ধে করে দেয়া হয়েছিল। এসব সহিংস হামলায় অন্তত ১০০ মানুষ নিহত হয়েছে। ইসলামাবাদ বলেছিল, আফগানিস্তানের মাটিতে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো এসব হামলা করেছে।

এদিকে, আফগান কর্তৃপক্ষ এবং পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এসব সীমান্ত পথ খুলে দেয়ার আহ্বান জানিয়েছিল। তারা বলেছিল, সীমান্ত পথগুলো বন্ধ করে দেয়ায় আফগানিস্তানে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

অবশ্য তোরখাম এবং চামান সীমান্ত চলতি মাসের ৭ ও ৮ তারিখে স্বল্প সময়ের জন্য খুলে দেয়া হয়েছিল।

পাকিস্তান এবং আফগানিস্তানকে বিভক্ত করেছে ডুরান্ড লাইন নামের ২৪০০ কিলোমিটারের সীমান্ত। ১৮৯৬ সালে ব্রিটিশরা দুদেশের মধ্যে  এ ডুরান্ড লাইন টেনে দিয়েছিল। অবশ্য আফগানিস্তান ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে আনুষ্ঠানিকভাবে মেনে নেয় নি।#  

পার্সটুডে/মূসা রেজা/২০