জাপানের নৌবাহিনীতে যুক্ত হলো ২য় হেলিকপ্টারবাহী বিশাল রণতরী
জাপানের নৌবাহিনীতে আজ (বুধবার) যুক্ত হয়েছে হেলিকপ্টারবাহী দ্বিতীয় বিশাল রণতরী ‘কাগা।’ এতে দেশটির সামরিক সক্ষমতা আরো বাড়ল। এশিয়ায় চীন যখন প্রভাব বৃদ্ধির তৎপরতা চালাচ্ছে তখন এ পদক্ষেপ নিল টোকিও।
রাজধানী টোকিও'র কাছাকাছি ইকোহামা শিপইয়ার্ডে ২৪৮ মিটার দীর্ঘ ‘কাগা’-কে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে জাপানের নৌবাহিনী। এ অনুষ্ঠানে দেয়া ভাষণে চীনের তৎপরতা নিয়ে কথা বলেন জাপানের উপ-প্রতিরক্ষামন্ত্রী তাকাইউকি কোবাইয়াশি। তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে পরিবর্তন ঘটাতে চাইছে চীন। ঘাঁটি বসিয়ে এবং চাপ প্রয়োগ করে সেখানে ক্ষমতার ভারসাম্যে চীন পরিবর্তন আনতে চাইছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে ।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম জাপানের নৌবাহিনীতে যুক্ত হলো হেলিকপ্টারবাহী বিশাল দুই রণতরী। জাপানের সেনাবাহিনীকে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা পালনের উপযোগী করে তুলতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যে তৎপরতার শুরু করেছেন তার অংশ হিসেবে এ দু’টি রণতরী যুক্ত হয়েছে।
জাপানের সামরিক বাহিনীর আক্রমণাত্মক অস্ত্র রাখার ওপর দেশটির সাংবিধানিক নিষেধাজ্ঞা রয়েছে। একে পাশ কাটানোর জন্য হেলিকপ্টারবাহী বিশাল রণতরী নির্মাণ করেছে টোকিও। জাপানের প্রথম হেলিকপ্টারবাহী বিশাল রণতরী ইজুমোকে আগামী মে মাসে দক্ষিণ চীন সাগরে পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২২