ব্রিটিশ পার্লামেন্টের কাছে ‘সন্ত্রাসী হামলা’: পুলিশসহ নিহত ৫, আহত ৪০
https://parstoday.ir/bn/news/world-i34928-ব্রিটিশ_পার্লামেন্টের_কাছে_সন্ত্রাসী_হামলা’_পুলিশসহ_নিহত_৫_আহত_৪০
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার সেতুতে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্য একজন নারীও রয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২২, ২০১৭ ২১:৫৮ Asia/Dhaka
  • ব্রিটিশ পার্লামেন্টের কাছে ‘সন্ত্রাসী হামলা’: পুলিশসহ নিহত ৫, আহত ৪০

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার সেতুতে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্য একজন নারীও রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে এক ব্যক্তি একটি প্রাইভেটকার চালিয়ে ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর তুলে দেন। এরপর রেলিংয়ের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। সেখান থেকে নেমে তিনি ওয়েস্টমিনস্টার প্রাসাদের ফটকে ভেতরে চলে যান এবং এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। এসময় সন্দেহভাজন ওই হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা করে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রিটেনের কিংস কলেজ হাসপাতালের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওই হাসপাতালে গুরুতর আহত আটজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

লন্ডনের পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে দাবি করে বলেছে, সন্দেহভাজন যে হামলাকারীকে গুলি করা হয়েছে, তিনিই গাড়িতে করে আসার সময় ওই সেতুতে পাঁচজনকে চাপা দেন। পরে পার্লামেন্ট ভবনের বাইরের রেলিংয়ে ধাক্কা খায় তার গাড়ি। সেখান থেকে নেমে তিনি পুলিশের ওপর হামলা করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন, থেরেসা মে নিরাপদে আছেন। তবে ঘটনার সময় তিনি কোথায় ছিলেন তা উল্লেখ করেননি ওই মুখপাত্র। অবশ্য কোনো কোনো গণমাধ্যম দাবি করেছে, থেরেসা মে ওই সময় পার্লামেন্ট ভবনেই ছিলেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে হাউস অব কমন্সের অধিবেশন মুলতবি করা হয়। এছাড়া, পার্লামেন্টের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। এছাড়া, হামলার মোটিভ সম্পর্কেও ব্রিটিশ পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩