জোট গঠনের কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া-চীন-পাকিস্তান!
রাশিয়া-চীন এবং পাকিস্তান জোট গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বলে আজ(সোমবার) পাকিস্তানের কোনো কোনো সংবাদপত্র খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বিশেষ করে আফগানিস্তানের যুদ্ধের রাজনৈতিক সমাধানের লক্ষ্য ত্রিদেশীয় এ জোট গঠিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের সূত্র থেকে বলা হয়েছে, আমেরিকা আফগানিস্তানের যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে বলে রাশিয়া, চীন এবং পাকিস্তান মনে করছে।
পাক কর্মকর্তারা বলেছেন, এ পরিস্থিতিতে চীন, রাশিয়া এবং ইরানকে সম্পৃক্ত করে আফগানিস্তানের সমস্যার আঞ্চলিক সমাধানে সচেষ্ট হওয়া ছাড়া পাকিস্তানের জন্য অন্য কোনো বিকল্প নেই।
আফগানিস্তান সংকট নিয়ে মস্কো এরই মধ্যে দু’টি বৈঠকের আয়োজন করেছে। এতে পাকিস্তান এবং চীনা কর্মকর্তারা যোগ দিয়েছেন। চলতি মাসে বৃহত্তর পরিসরে এ রকম আরেকটি বৈঠকের আয়োজনও করা হয়েছে। এ বৈঠকের উদ্দেশ্য আফগানিস্তানে যুদ্ধ দীর্ঘায়িত করার বিরুদ্ধে একটি ঐকমত্য সৃষ্টি করা।
এদিকে, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে ব্যবহার করে আমেরিকা প্রক্সি যুদ্ধ চালাতে চাচ্ছে। এ যুদ্ধের মাধ্যমে এ অঞ্চলে আমেরিকা নিজের স্বার্থ আরো জোরদার করতে চাইছে বলেই ধারণা করছে পাকিস্তান, রাশিয়া এবং চীন।
পাকিস্তানের জন্য এটি একটি বিপদজনক পরিস্থিতি হয়ে দেখা দিয়েছে। আফগানিস্তান গোলযোগকে দীর্ঘায়িত করা হলে তার কালোছায়া পাকিস্তানের অগ্রগতি ও স্থিতিশীলতার ওপরও বর্তাবে। এ ধারণাকে কেন্দ্র করেই রাশিয়াসহ আঞ্চলিক দেশগুলোর দিকে হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এ কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লে জেনারেল আমজাদ সোয়েব।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হওয়া সত্ত্বেও আমজাদ সোয়েবের সঙ্গে পাক সেনা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আফগানিস্তান স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমেরিকা ইচ্ছুক নয় বলে যে ধারণা প্রচলিত রয়েছে তা নিশ্চিত করেছেন তিনি। তিনি আরো দাবি করেছেন, আফগানিস্তানে যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমেরিকা ব্যর্থ হলে সেখানে রাশিয়া এবং চীন বড় ভূমিকা পালন করবে।
এদিকে, আফগানিস্তানে সব পক্ষকে নিয়ে সংহতি প্রতিষ্ঠার পাকিস্তানের ভূমিকাকে সমর্থন করেছে রাশিয়া এবং চীন উভয়ই।#
পার্সটুডে/মূসা রেজা/৩