সন্ত্রাসীদের মদদ দিয়ে সিরিয়াকে বাগে আনার স্বপ্ন চরম ভুল: রুহানির হুঁশিয়ারি
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে ফোনে কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সিরিয়ায় মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়ে আবারও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, স্বাধীন দেশ সিরিয়ার ওপর এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ-ইশতিহারের লঙ্ঘন।
আজ রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক টেলিফোন সংলাপে এসব মন্তব্য করেছেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানি জাতি সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে এবং সিরিয়ার ভৌগলিক অখণ্ডতা রক্ষায় সিরিয় জাতিকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে।
তিনি শুক্রবার ভোরের ওই মার্কিন হামলায় নিরপরাধ সিরিয় নাগরিকদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ওই হামলায় আহত সিরিয়রা সুস্থ হয়ে ওঠবেন বলেও আশা প্রকাশ করেন রুহানি।
ইরানের প্রেসিডেন্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসে জাতিসংঘের সঙ্গে সিরিয়ার সহযোগিতার কথা স্মরণ করিয়ে দেন এবং সিরিয় সরকারের বিরুদ্ধে কথিত রাসায়নিক হামলার অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
তিনি সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে আরও বলেছেন, এ ধরনের হামলা কেবল সন্ত্রাসীদেরকেই উৎসাহ যোগাবে যারা সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া ও ইরাকে একের পর এক বড় ধরনের পরাজয়ের ফলে মনোবল হারিয়ে ফেলেছে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, বিশ্বের স্বাধীন দেশগুলোর উচিত অত্যন্ত স্পষ্ট ভাষায় সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানানো।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা সন্ত্রাসীদের মদদ দিয়ে সিরিয়ার ভবিষ্যতকে নিজেদের স্বার্থের অনুকূলে আনার আশা করছে তারা চরম ভুল করছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই টেলিফোন সংলাপে তার দেশের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সহায়তাগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের অবস্থানে ব্যাপক বিপর্যয় ও ধস নামায় তাদেরকে মনোবল জোগানোর জন্যই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/৯