আসাদকে সমর্থন দেয়া বন্ধ করুন: মস্কোকে আঙ্কারা
-
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর এ আহ্বান জানাল আঙ্কারা। তুরস্কসহ সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অন্য সব সমর্থক দেশ মার্কিন ওই হামলাকে স্বাগত জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভিতে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেন, আসাদের নেতৃত্বের প্রতি সমর্থন জানানো থেকে রাশিয়াকে অবশ্যই সরে আসতে হবে। সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে রাশিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ অভিযোগ করলেন যখন গত ডিসেম্বরে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি থেকে দায়েশ ও ফাতেহ আশ-শামের মতো উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে বাদ দেয়া হয়েছিল। এসব গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে ওই যুদ্ধবিরতিতে উল্লেখ করা হয়েছিল।
তুরস্ক ওই যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে দাবি করেন চাভুসওগ্লু। তিনি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাপে তিনি সিরিয়া সরকারের মাধ্যমে কথিত যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০