সিরিয়া বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে মস্কো গেলেন জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একটি ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে মস্কো সফরে গেছেন। সিরিয়া বিষয়ে আলোচনা করতে রুশ এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভের আমন্ত্রণে আজ (শুক্রবার) রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হন মোহাম্মদ জাওয়াদ জারিফ। মস্কো পৌঁছার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার আলোচনার বিস্তারিত প্রকাশ করেন। জারিফ সাংবাদিকদের বলেন, সিরিয়ায় মার্কিন আগ্রাসনের পর রাশিয়া, ইরান এবং সিরিয়ার মধ্যে এ ধরনের সমন্বয়মূলক আলোচনা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে।
গত মার্চে প্রেসিডেন্ট হাসান রুহানির মস্কো সফরের সময় আলোচিত আরো কিছু দ্বিপক্ষীয় বিষয় নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি। এছাড়া আঞ্চলিক, আন্তর্জাতিক ইস্যুর পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তেহরান-মস্কোর ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে পরবর্তীতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভের সঙ্গে বৈঠক করেন জারিফ।
বৈঠকে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর জোর দেয়ার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান ইরানের এ শীর্ষস্থানীয় কূটনীতিক। এছাড়া, সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে বর্বরোচিত রাসায়নিক হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে জারিফ বলেন, সিরিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অজুহাত সৃষ্টি করতেই দেশটির বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ আনা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪