উত্তর কেরিয়া এবং আমেরিকার মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সিউল গেলেন পেন্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে পূর্ণাঙ্গ সামরিক সংঘাত সৃষ্টি হওয়ার ব্যাপারে কোরিয় উপদ্বীপে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন সিউল সফরে এলে পেন্স।
আজ (রোববার) ভোরে উত্তর কোরিয়া তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কয়েক ঘন্টা পর দশ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। পেন্স তার সফরে পিয়ংইয়ংয়ের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র মোকাবেলায় করণীয় এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা 'থাড' নিয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে উত্তেজনা চরম তুঙ্গে ওঠেছে। পিয়ংইয়ংয়ে সাম্প্রতিক পরমাণু বোমার পরীক্ষায় আমেরিকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে ওয়াশিংটন কিংবা দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষা দেয়ার লক্ষ্যেই পিয়ংইয়ং তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী জোরদার করেছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা।
পেন্স তার সফরে উত্তর কোরিয়া বিষয়ে মার্কিন নীতি পরিষ্কার করবেন বলে মনে করা হচ্ছে। চীনের সহায়তায় পিয়ংইয়ংয়ের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করার ওয়াশিংটনের নীতি নিয়ে পেন্স তার সফরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করবেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬