পাক সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন তালেবান মুখপাত্র এহসান
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান দেশটির সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। পাকিস্তানে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের প্রধান আজ এ কথা জানিয়েছে। পাকিস্তানে চলমান অপারেশন্স রাদুল ফাসাদের সাফল্য তুলে ধরতে যেয়ে এ তথ্য প্রকাশ করেন তিনি।
আইএসপিআর প্রধান জেনারেল মেজর জেনারেল আসিফ গফুর আরো জানান যে এহসানউল্লাহ পাক সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আরো বলেন, তার সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
২০১৪ সালে টিটিপি ভাগ হয়ে যাওয়ার পর দলছুট অংশকে নিয়ে জামাতুল আহরার গঠন করা হয়। এহসান এ অংশের মুখপাত্র হিসেবে তৎপর ছিলেন। টিটিপি কমান্ডারদের ৭০ থেকে ৮০ শতাংশ দলছুট অংশে যোগ দিয়েছেন বলে সে সময়ে দাবি করেছিলেন এহসান।
টিটিপি মুখপাত্রের আত্মসমর্পণের ঘটনাকে পাকিস্তান সেনাবাহিনীর জন্য এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবেও তুলে ধরেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের সবচেয়ে বড় শত্রুরা এখন আত্মসমর্পণ করতে শুরু করেছে।
পার্সটুডে/মূসা রেজা/১৭