লাটভিয়ায় ন্যাটোর বার্ষিক মহড়ায় অংশ নিচ্ছে শত শত সেনা
লাটভিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বার্ষিক সামরিক মহড়া ‘সামার শিল্ড’ শুরু হয়েছে। লাটভিয়ার রাজধানী রিগা’র বাইরে আদাজি প্রশিক্ষণ এলাকায় এ মহড়া দু’সপ্তাহ ধরে চলবে।
মহড়ায় আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং সুইডেনসহ ১২ দেশের বারোশ’র বেশি সেনা অংশ নিচ্ছে। লাটভিয়া জানিয়েছে, মহড়ায় ব্যাপক তৎপরতা চালানো হবে। এর মধ্যে গোলন্দাজ সমর্থন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিমান প্রতিরক্ষা, ট্যাংক বিধ্বংসী তৎপরতা এবং গণ বিধ্বংসী অস্ত্র বিরোধী তৎপরতাসহ আরো কিছু অনুশীলন থাকবে।
বাল্টিক তীরবর্তী দেশ লাটভিয়া ন্যাটো জোটে যোগ দেয়ার পর ২০০৪ সাল থেকে প্রতিবছর এ মহড়া চলছে। এ ছাড়া, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে অন্যান্য পশ্চিমা দেশের সম্পর্কের অবনতি ঘটলে ২০১৪ সাল থেকে ন্যাটোর অন্যান্য সদস্য এ মহড়ায় অংশ নিতে থাকে।
মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো বাল্টিক তীরবর্তী তিন দেশ এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং লাটভিয়াসহ পোল্যান্ডে সেনা ও ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। রাশিয়ার সমালোচনাকে অগ্রাহ্য করে এ সব পদক্ষেপ নেয়া হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১৮