উ. কোরিয়ার পরিস্থিতি মোকাবেলায় বোমারু বিমান বহরকে সতর্ক অবস্থায় রাখল চীন
https://parstoday.ir/bn/news/world-i36632-উ._কোরিয়ার_পরিস্থিতি_মোকাবেলায়_বোমারু_বিমান_বহরকে_সতর্ক_অবস্থায়_রাখল_চীন
চীন তার বোমারু বিমান বহরকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় এ প্রস্তুতি বেইজিং নিচ্ছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা মনে করছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২২, ২০১৭ ০৬:৩৮ Asia/Dhaka
  • উ. কোরিয়ার পরিস্থিতি মোকাবেলায় বোমারু বিমান বহরকে সতর্ক অবস্থায় রাখল চীন

চীন তার বোমারু বিমান বহরকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় এ প্রস্তুতি বেইজিং নিচ্ছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা মনে করছেন।

ভূমিতে আক্রমণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী চীনা বোমারু বিমান বহরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া, রক্ষণাবেক্ষণের কাজ জোরদার এবং দ্রুত করার মাধ্যমে চীনা সামরিক বিমানকে পুরোপুরি প্রস্তুত করে তোলা হয়েছে বলেও মার্কিন  কর্মকর্তাদের নজরে পড়েছে।

উত্তর কোরিয়ায় জরুরি পরিস্থিতি দেখা দিলে কোনো রকম সময় নষ্ট না করে যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যায় সে লক্ষ্যে এসব তৎপরতা চলছে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে, চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র লুক কাং বলেছেন, চীনা বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা নিয়ে খবর তার নজরে পড়েছে। তবে এ নিয়ে দেয়ার মতো কোনো তথ্য তার কাছে নেই।

উত্তর কোরিয়ার  ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন ওয়াশিংটন এবং পিয়ংইয়ং প্রায় মুখোমুখি অবস্থানে চলে গেছে তখন এ সব পদক্ষেপ নিচ্ছে।

এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার  সীমান্তের কাছে রাশিয়া সেনা এবং ভারি যন্ত্রপাতি পাঠিয়েছে। এ ছাড়া, উত্তর কোরিয়া সংলগ্ন সীমান্তে চীন দেড় লাখ সেনা মোতায়েন করেছে বলেও খবর প্রকাশিত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২