পূর্ব উপকূলে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i36856-পূর্ব_উপকূলে_বিশাল_সামরিক_মহড়া_চালাচ্ছে_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া বিশাল এলাকা জুড়ে তাজা গোলা-গুলি ব্যবহার করে সামরিক মহড়া চালাচ্ছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। দৃশ্যত আমেরিকাকে নিজের সামরিক প্রস্তুতি দেখানোর উদ্দেশ্যেই এ মহড়া চালানো হচ্ছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ২৬, ২০১৭ ০৭:৪০ Asia/Dhaka
  • মহড়ায় সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করার দাবি করেছে উত্তর কোরিয়ার গণমাধ্যম
    মহড়ায় সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করার দাবি করেছে উত্তর কোরিয়ার গণমাধ্যম

উত্তর কোরিয়া বিশাল এলাকা জুড়ে তাজা গোলা-গুলি ব্যবহার করে সামরিক মহড়া চালাচ্ছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। দৃশ্যত আমেরিকাকে নিজের সামরিক প্রস্তুতি দেখানোর উদ্দেশ্যেই এ মহড়া চালানো হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলবর্তী ‘ওনস্যান’ অঞ্চলে বিপুল পরিমাণ দূরপাল্লার আর্টিলারি ইউনিট মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কাজ করেছে পিয়ংইয়ং।

দেশটির প্রধান শত্রু  আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান আশঙ্কা প্রকাশ করে বলেছে, এ উপলক্ষে আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।

দেশটি এ পর্যন্ত পাঁচটি নিশ্চিত পরমাণু অস্ত্র এবং অসংখ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা বা দক্ষিণ কোরিয়া দেশটিকে আক্রমণ করলে এটি পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানবে।

উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলিও দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক মহড়া চালানোর খবর দিয়ে বলেছে, এ মহড়ায় সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নকল পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ মহড়ার মাধ্যমে পিয়ংইয়ং-এর ‘আক্রমণ ক্ষমতা’ প্রদর্শিত হয়েছে বলে গর্বভরে দাবি করেছে এসব গণমাধ্যম।

উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো বলেছে, মার্কিন সরকারের পক্ষ থেকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখানো এবং ব্ল্যাকমেইল করার ইতিহাসের সমাপ্তি টানার প্রস্তুতি নিয়েছে পিয়ংইয়ং।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬