ইরাক ও সিরিয়ায় তুর্কি হামলা ‘অগ্রহণযোগ্য’: রাশিয়া
-
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরাক ও সিরিয়ায় তুরস্কের সাম্প্রতিক বিমান হামলাকে অগ্রহণযোগ্য এবং মৌলিক আন্তঃসরকার নীতিমালার পরিপন্থি বলে উল্লেখ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের পদক্ষেপ মস্কোকে মারাত্মক উদ্বিগ্ন করে তুলেছে।
তুরস্ক দাবি করেছে, মঙ্গল ও বুধবার ইরাক ও সিরিয়ায় সন্দেহভাজন কুর্দি বিচ্ছিন্নতাবাদী গেরিলা অবস্থানে বিমান হামলা চালিয়ে ৭০ জনকে হত্যা করেছে তুর্কি সেনাবাহিনী। আঙ্কারা আরো দাবি করেছে, এসব হামলার খবর আমেরিকা ও রাশিয়াকে আগেভাগেই জানিয়ে দেয়া হয়েছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে আমরা সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। তুর্কি বাহিনী যেসব কুর্দি যোদ্ধার বিরুদ্ধে অভিযান চালিয়েছে তারা সত্যিকার অর্থে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করছিল।”
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও দেশটিতে তুর্কি বিমান হামলার নিন্দা জানিয়েছে। ওই মন্ত্রণালয় এসব হামলাকে দেশটির ওপর ‘ভয়ঙ্কর আগ্রাসন’ এবং ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি’ বলে উল্লেখ করেছে। সিরিয়ায় তুরস্কের এই বিমান হামলার নিন্দা জানানোর জন্য দামেস্ক আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিও তার দেশে তুর্কি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এ ছাড়া, এ হামলার প্রতিবাদে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭