কাবুলে শক্তিশালী বিস্ফোরণ: ৮ নিহত, ৩ মার্কিন সেনাসহ আহত ২৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ(বুধবার) চালানো বোমা হামলায় অন্তত ৮ নিহত এবং তিন মার্কিন সেনাসহ ২৫ আহত হয়েছে। মার্কিন দূতাবাসের কাছে ন্যাটোর সাঁজোয়া গাড়ি বহর লক্ষ্য এ হামলা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সকালের ব্যস্ত সময়ে কাবুলে মাক্রোয়ান এলাকায় এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ন্যাটো বহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। অবশ্য নিহতরা সবাই আফগান নাগরিক বলে জানা গেছে। বেশ কয়েকটি বেসামরিক গাড়ি পুরোপুরি বিধ্বস্ত বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে একটি গাড়িতে জ্বলছে এবং কয়েকটি সাঁজোয়া যান হুমাবি ক্ষতিগ্রস্ত হয়ে আছে।
কোনো দল বা ব্যক্তি এখনো হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে আজকের শক্তিশালী বিস্ফোরণে তালেবান জড়িত বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার থেকে বসন্তকালীন কথিত অভিযান শুরুর ঘোষাণা দিয়েছে তালেবান। এদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের তৎপরতা চালানোর খবরও পাওয়া যাচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩