উ. কোরিয়ার নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে আমেরিকা: পিয়ংইয়ং
-
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা নানা রকমের ষড়যন্ত্র করেছে। এসব ষড়যন্ত্রের মধ্যে ‘বায়োকেমিক্যাল ও বিষাক্ত উপাদান’ ব্যবহারের মতো বিষয় রয়েছে এবং রাজধানী পিয়ংইয়ংয়ে সরকারি কোনো অনুষ্ঠানে তাকে হত্যা করা হতে পারে।
উত্তর কোরিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এসব কথা বলেছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। সিআইএ মনে করছে বিষক্রিয়া বা তেজস্ক্রিয়তার মাধ্যমে হত্যার পদ্ধতি হলো শ্রেষ্ঠ; এতে সশরীরে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর ঝামেলা নেই।
উত্তর কোরিয়ার মন্ত্রণালয় ওই বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কিম জং উনকে হত্যার এ ষড়যন্ত্র পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণার শামিল। কোরিয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করার পরিপ্রেক্ষিতে যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন কিম জং উনকে হত্যার ষড়যন্ত্রের কথা বের হলো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬