এবার রুশ গোয়েন্দা কর্মকর্তাকে শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করল দায়েশ
-
ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি দায়েশ
গোলযোগপূর্ণ সিরিয়ায় আটক রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তাকে শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করেছে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ। ইন্টারনেটে দায়েশের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী আমেরিকা ভিত্তিক 'সাইট ইন্টিলিজেন্স গ্রুপ' রুশ ভাষায় ১২ মিনিটের এ লোমহর্ষক ভিডিও প্রকাশ করেছে।
ভিডিও ফুটেজে ওই হতভাগা ব্যক্তিকে শিরশ্ছেদ করার আগে কালো পোষাক পরিহিত এক দায়েশ সন্ত্রাসীকে উচ্চস্বরে বক্তৃতা দিতে দেখা গেছে। সব রুশ গোয়েন্দা কর্মকর্তাদেরকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে ওই সন্ত্রাসী দম্ভভরে বলেন, আটক হলে ছেড়ে যাবে না বলে তার দেশ তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল এর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এই বোকা লোকটি। দায়েশ এমন সময় রুশ গোয়েন্দা কর্মকর্তাকে শিরশ্ছেদ করার ভিডিও চিত্র প্রকাশ করল যখন ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় লাভের প্রতিষ্ঠা পালন করতে যাচ্ছে রাশিয়া।
গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়া সরকারের অনুরোধে রাশিয়া দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আনুষ্ঠানিকভাবে রুশ বিমান হামলার প্রশংসা করে বলেছেন, মস্কোর সামরিক সহযোগিতার কারণে সিরিয়ার সেনারা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে এগিয়ে যেতে সুবিধা পেয়েছে।
এদিকে, সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে রুশ বিমান হামলা চালানোর কারণে দায়েশ গত নভেম্বরে রাশিয়ার ভেতরে হামলা চালানো হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে বলা হয়, খুব শিগগিরি রাশিয়ায় রক্তের বন্যা বয়ে দেয়া হবে।#
পার্সটুডে/বাবুল আখতার/৯