‘দায়েশ সংক্রান্ত গোপন তথ্যের উৎস ইসরাইল’
https://parstoday.ir/bn/news/world-i38066-দায়েশ_সংক্রান্ত_গোপন_তথ্যের_উৎস_ইসরাইল’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে গোপন তথ্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফাঁস করেছেন তা ইহুদিবাদী ইসরাইল ওয়াশিংটনকে দিয়েছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৭, ২০১৭ ০১:২২ Asia/Dhaka
  • গত বুধবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ল্যাভরভ
    গত বুধবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ল্যাভরভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে গোপন তথ্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফাঁস করেছেন তা ইহুদিবাদী ইসরাইল ওয়াশিংটনকে দিয়েছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার মার্কিন সরকারের ‘একটি সংশ্লিষ্ট সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প রুশ কূটনীতিকদের কাছে যে তথ্য ফাঁস করেছেন তা তেল আবিব ওয়াশিংটনকে দিয়েছিল এবং ইসরাইলকে না জানিয়ে তা অন্য কারো সঙ্গে শেয়ার করার কথা ছিল না।

এর আগে মঙ্গলবার অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ সম্পর্কে ‘অতি গোপন তথ্য’ রাশিয়ার কাছে ফাঁস করে দিয়েছেন। গত বুধবার হোয়াইট হাউজে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে এক সাক্ষাতে ওই গোপন তথ্য তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প।

দৈনিকটি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ‘মিত্র দেশের’ কাছ থেকে ওয়াশিংটন দায়েশ সম্পর্কে ওই তথ্য পেয়েছিল এবং তা রাশিয়াকে জানাতে নিষেধ করেছিল মিত্র দেশটি।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ল্যাভরভ ও কিসলিয়াকের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের পরপরই হোয়াইট হাউজের কর্মকর্তারা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানিয়ে দেন।

এদিকে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথোপকথন হোয়াইট হাউজ থেকে ফাঁস হয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে তিনি হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের রদবদল করতে যাচ্ছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭