সৌদির সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করতে চান আরো কংগ্রেসম্যান
-
ট্রাম্পের সৌদি সফর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে যে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছেন তার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমেরিকার আরো কয়েকজন আইনপ্রণেতা। তারা বলছেন, ইয়েমেনে সৌদি আরব যে বর্বরতা চালাচ্ছে তারপরও কেন দেশটিকে এত বিপুল পরিমাণ অস্ত্র দেয়া হবে?
গত সপ্তাহে ট্রাম্প সৌদি সফরে গিয়ে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করেন এবং এর আওতায় সৌদি রাজতান্ত্রিক সরকার জঙ্গিবিমান, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও নানা ধরনের অস্ত্র পাবে। ইয়েমেন যুদ্ধে সৌদি বর্বরতার কারণে সাবেক ওবামা প্রশাসন রিয়াদের কাছে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করেছিল।
নতুন অস্ত্র চুক্তির বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে চিঠি লিখেছেন ডেমোক্র্যাট সদস্য টেড লিউ এবং রিপাবলিকান দলের সদস্য টেড ইয়োহো। চিঠিতে তারা কমিটিকে অস্ত্র চুক্তির বিষয়টি নতুন করে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন, সৌদি বিমানবাহিনীর ভুল টার্গেট এবং বিমান চালনায় অদক্ষতার বিষয়টি বিবেচনায় নিয়ে ওবামা প্রশাসন অস্ত্র বিক্রি স্থগিত করেছিল সেই সৌদি আরবের কাছে নতুন করে অস্ত্র বিক্রির বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। তারা বলেন, সৌদি বিমান হামলায় ইয়েমেনের বহু বেসামরিক নাগরিক হতাহত ও বসতবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মার্কেট ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯