রাশিয়ার ৫ কূটনীতিক বহিষ্কার করল মলদোভা; প্রেসিডেন্টের বিরোধিতা
https://parstoday.ir/bn/news/world-i39022-রাশিয়ার_৫_কূটনীতিক_বহিষ্কার_করল_মলদোভা_প্রেসিডেন্টের_বিরোধিতা
ইউরোপীয় ইউনিয়নপন্থি মলদোভার সরকার রাশিয়ার পাঁচ কূটনীতিককে বহিষ্কার করেছে। তবে এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির মস্কোপন্থি প্রেসিডেন্ট ইগোর দোদন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৭ ০৮:৪৭ Asia/Dhaka
  • মলদোভার প্রেসিডেন্ট ইগোর দোদন
    মলদোভার প্রেসিডেন্ট ইগোর দোদন

ইউরোপীয় ইউনিয়নপন্থি মলদোভার সরকার রাশিয়ার পাঁচ কূটনীতিককে বহিষ্কার করেছে। তবে এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির মস্কোপন্থি প্রেসিডেন্ট ইগোর দোদন।

মলদোভার পররাষ্ট্র ও ইউরোপীয় সমন্বয় বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আনা সামসন গতকাল (সোমবার) নিশ্চিত করেছেন যে, রাশিয়ার পাঁচ কূটনীতিককে বহিষ্কার করা হবে তবে কী কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে তিনি তা জানান নি। এছাড়া, যেসব কূটনীতিককে বহিষ্কার করা হবে তাদের পরিচয়ও জানান নি তিনি।      

মলদোভা সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দেশটির প্রেসিডেন্ট দোদন ফেইসবুক পোস্টে বলেছেন, “আমাদের কৌশলগত মিত্র রাশিয়ার বিরুদ্ধে সরকার জঘন্য পদক্ষেপ নিয়েছে।”

তিনি বলেন, ‘যখন প্রেসিডেন্টের কার্যালয় ও ক্রেমলিনের মধ্যে গঠনমুলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে তখন সম্ভবত পশ্চিমাদের নির্দেশে এ কাজ করা হয়েছে।” প্রেসিডেন্ট দোদন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “মলদোভার কূটনৈতিক কোরের প্রতিনিধিদের পক্ষ থেকে এ ধরনের অবন্ধুসুলভ পদক্ষেপের জন্য আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষুব্ধ এবং এর নেতিবাচক ফলাফল ভোগ করতে হবে।”

দীর্ঘদিন ধরে পশ্চিমাপন্থি সরকার মলদোভার শাসনকাজ পরিচালনা করে এসেছে তবে ২০১৬ সালের শেষ দিকে দেশটির নির্বাচনে দোদন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ধারণা করা হয়, মলদোভার জনগণ পশ্চিমাপন্থি সরকারগুলোর ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তবে এখনো দেশটির সংসদ ও রাজনীতিতে পশ্চিমাপন্থি রাজনীতিকদের প্রভাব বেশি।

এদিকে, এ ঘটনায় ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি তবে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী গ্রিগোরি কারাসিন বলেছেন, মলদোভা সরকারের এ পদক্ষেপের অবশ্যই পাল্টা জবাব দেয়া হবে এবং তা হবে কঠোর। তিনি রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনাকে মারাত্মক উসকানি বলে মন্তব্য করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০