ম্যাচ পরিত্যক্ত; প্রতিযোগিতায় টিকে রইল বাংলাদেশ
-
বৃষ্টি না থামায় হতাশ স্মিথ বাহিনী
শেষ পর্যন্ত সোমবার অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারণে বাংলাদেশ লজ্জাজনক হার থেকে বেঁচে গেছে। লন্ডনের দি ওভাল ক্রিকেট মাঠে বাংলাদেশের দেয়া ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ ওভারেই ৮৩ রান সংগ্রহ করে ফেলে অসিরা। বাংলাদেশের ১৯৩ রানের অর্ধেকেরও বেশি আসে একমাত্র তামিম ইকবালের (৯৫) ব্যাট দিয়ে।
কিন্তু বৃষ্টির কারণে আর খেলা না হওয়ায় নিশ্চিত জেতা ম্যাচের ২ পয়েন্ট হাতছাড়া হয় অসিদের। অন্যদিকে বাংলাদেশ এড়ায় আরও একটি লজ্জাজনক হার। ড্যাকওয়ার্থ-লুইস মেথডে এই ম্যাচের ফলাফল ঘোষণার জন্য আরও অন্তত চার ওভার খেলতে হতো অস্ট্রেলিয়াকে।
বৃষ্টি আইনে খেলার ফল নিষ্পত্তির জন্য অন্তত ২০ ওভার খেলা হতে হয়। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি ১০৯ করত তাহলেই জিতে যেত ম্যাচ। অর্থাৎ আরো চার ওভার বা ২৪ বলে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। হাতে ছিল ৯ উইকেট।
বৃষ্টি শুরু হওয়ার পর কয়েকবার ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য একাধিকবার নতুন নতুন সমীকরণ তৈরি হয়। ম্যাচ রেফারি ঘোষণা করেন, ৪৩ ওভারে ১৭২ রান করলেই অস্ট্রেলিয়া জয়ী হবে। পরবর্তীতে বৃষ্টি না থামলে সে টার্গেট নেমে আসে ২৫ ওভারে ১২৭ রান। আর খেলা যদি ৩০ ওভারের হয় সেক্ষেত্রে করতে হবে ১৪২ রান।
বাংলাদেশ ৪৪.৩ ওভারে অলআউট হয়ে যাওয়ায় ডার্কওয়াথ-লুইস পদ্ধতিতে এতটাই সুবিধাজনক অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত আর একটি বলও মাটিতে গড়ায়নি। ভাগ্য সুপ্রসন্ন হয়েছে বাংলাদেশের আর কপাল পুড়েছে অসিদের।
এর আগে অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে নামে তখন থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তবে খেলা বন্ধ থাকেনি। বৃষ্টির মধ্যেই ব্যাটিং করেছে স্মিথ-ওয়ার্নার জুটি।১৬তম ওভার শেষে বাড়ল বাংলাদেশের কাঙ্ক্ষিত বৃষ্টির দাপট। বন্ধ হয়ে যায় খেলা। মুখ ভার করে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার (৪০) ও স্টিভেন স্মিথ (২২)।
খেলাটি পরিত্যক্ত ঘোষণা হওয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে ১ পয়েন্ট করে দেয়া হয়েছে। ফলে প্রতিযোগিতায় কাগজে-কলমে টিকে রয়েছে বাংলাদেশ। আজকের খেলায় যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারে তাহলে দুই খেলায় নিউ জিল্যান্ডেরও পয়েন্ট থাকবে ১। কারণ, অস্ট্রেলিয়ার সঙ্গে এই দলের প্রথম খেলাটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
অন্যদিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পরবর্তী খেলায় যদি ইংল্যান্ড জয়লাভ করে তাহলে স্বাগতিক দেশ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হবে। আর সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে তিন খেলায় ২। এ অবস্থায় বাংলাদেশ যদি শেষ খেলায় নিউ জিল্যান্ডকে হারাতে পারে তাহলে টাইগার বাহিনীর পয়েন্ট হবে ৩। কিউইরা ১ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেবে আর সেমিফাইনালে চলে যাবে মাশরাফি বাহিনী। তবে এই সমীকরণ কেবল কাগজে-কলমের। বাস্তব পরিস্থিতি নির্ভর করবে মাঠের খেলায় কে কতটা পারদর্শিতা দেখাতে পারছে তার ওপর।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬