সাইফুল ইসলাম গাদ্দাফিকে মুক্তি দিয়েছে লিবিয়ার সশস্ত্র গোষ্ঠী
https://parstoday.ir/bn/news/world-i39902-সাইফুল_ইসলাম_গাদ্দাফিকে_মুক্তি_দিয়েছে_লিবিয়ার_সশস্ত্র_গোষ্ঠী
লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফুল ইসলাম গাদ্দাফিকে মুক্তি দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ছয় বছর ধরে তিনি দেশটির জিনতান শহরে একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দি ছিলেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ১১, ২০১৭ ০৫:১৯ Asia/Dhaka
  • সাইফুল ইসলাম গাদ্দাফি
    সাইফুল ইসলাম গাদ্দাফি

লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফুল ইসলাম গাদ্দাফিকে মুক্তি দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ছয় বছর ধরে তিনি দেশটির জিনতান শহরে একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দি ছিলেন।

ওই গোষ্ঠী শনিবার ঘোষণা করেছে, সাইফকে ছেড়ে দেয়া হয়েছে। ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিলেও জিনতানের সশস্ত্র গোষ্ঠীটি তাকে ওই আদালতের কাছে হস্তান্তর করতে অস্বীকার করে।  

তবে এর আগে একাধিকবার সাইফ গাদ্দাফির মুক্তির ব্যাপারে ভুয়া খবর প্রকাশিত হয়েছে।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র পক্ষ থেকেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু হলে তা দমন করতে গিয়ে সাইফুল ইসলাম মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে একটি অভিযোগ আমলে নিয়ে ওই পরোয়ানা জারি করে আইসিসি।

২০১১ সালের আগস্ট মাসে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনের অবসান হয় এবং তিনি জনতার হাতে ধরা পড়ে নিহত হন। এর তিন মাস পর ওই বছরের নভেম্বরে সাইফুল ইসলাম গাদ্দাফি জিনতানের সশস্ত্র গোষ্ঠীটির হাতে ধরা পড়েন। এক সময় তাকে লিবিয়ার ক্ষমতায় গাদ্দাফির উত্তরসূরি বলে মনে করা হতো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১