আফগানিস্তান থেকে পাকিস্তানের ২ কূটনীতিক নিখোঁজ
-
ফাইল ফটো
আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের দুই কূটনীতিক নিখোঁজ হয়েছেন। তারা দু জনই আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি কন্স্যুলেট অফিসে কর্মরত ছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) এ ঘোষণা দিয়েছে। দুই কর্মকর্তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের এ দুই কূটনীতিক সড়কপথে জালালাবাদ কন্স্যুলেট অফিস থেকে নানগারহার প্রদেশে যাওয়ার পথে নিখোঁজ হন।
পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ১৬ জুন থেকে এ দুই কূটনীতিক নিখোঁজ রয়েছেন এবং বিষয়টি আফগান সরকারকে জানানো হয়েছে। কাবুল বলেছে, দুই কর্মকর্তাকে উদ্ধারের জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে। বিষয়টি নিয়ে পাকিস্তান সার্বক্ষণিকভাবে আফগান সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
দুই দিন আগে এ দুই কূটনীতিক নিখোঁজ হলেও তারা অপহরণের শিকার হয়েছেন কিনা তা পরিষ্কার নয়। পাকিস্তান এ ঘটনাকে জঘন্য অপরাধ বলে মন্তব্য করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮