রাহিলকে সৌদি জোট থেকে ফেরত আনতে পারে না পাকিস্তান: সারতাজ
-
সারতাজ আজিজ
পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট থেকে ফিরিয়ে আনতে পারে না ইসলামাবাদ সরকার। কারণ হিসেবে সারতাজ বলেন, জেনারেল রাহিল নিজের চেষ্টায় এ জোটের প্রধান হয়েছেন, পাক সরকার তাকে নিয়োগ দেয় নি। ফলে সরকার তাকে জোট থেকে সরে আসার কথা বলতে পারে না।
পাকিস্তান সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় গতকাল তিনি এ কথা বলেন। সারতাজ দাবি করেন, জেনারেল রাহিল শরীফকে সৌদি নেতৃত্বাধীন জোটে সরকার পাঠায় নি। তিনি আরো বলেছেন, ইয়েমেন যুদ্ধে সেনা না পাঠানোর বিষয়ে সংসদে যে প্রস্তাব পাস করা রয়েছে সেটাই হবে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে পাকিস্তানের অবস্থানের ভিত্তি। পাকিস্তানের গণমধ্যম এ খবর দিয়েছে।
সিনেট কমিটির চেয়ারপারসন নুজহাত সাদিক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চান নি। তিনি বলেছেন, সিনেট কমিটির এ বৈঠক ছিল রুদ্ধদ্বার এবং এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো তথ্য ফাঁস করা যাবে না। তিনি বলেন, চলমান সংকটের মধ্যে ইরান, কাতার ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সুন্দর সম্পর্ক রয়েছে।
সৌদি জোটে জেনারেল রাহিল শরীফের নিয়োগের বিরুদ্ধে পাকিস্তানের বহু রাজনীতিক ও সংসদ সদস্য প্রকাশ্যে তীব্র সমালোচনা করছেন। তারা বলছেন, যদি তিনি সন্ত্রাস-বিরোধী লড়াই করতে চান তাহলে জেনারেল রাহিল দেশে ফিরে নিজের অভিজ্ঞতা দিয়ে দেশকে সেবা করুন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২