সিরিয়ায় তৎপর জঙ্গিদের সমর্থন দিচ্ছে আমেরিকা: রাশিয়া
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের মদদ দেয়ার জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছে রাশিয়া। মস্কো বলেছে, তাকফিরি জঙ্গি গোষ্ঠী ফাতেহ আশ-শামের মতো গোষ্ঠীগুলোকে বিমান হামলা থেকে রক্ষা করছে ওয়াশিংটন।
মস্কো সফররত ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, সন্ত্রাসবাদের প্রতি আমেরিকার পৃষ্ঠপোষকতার বিষয়টি সাম্প্রতিক সময়ে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি রাশিয়া ও সিরিয়ার যৌথ বিমান হামলা এড়িয়ে যেতে ফাতেহ আশ-শামকে সাহায্য করেছে ওয়াশিংটন।
এ কাজের মাধ্যমে আমেরিকা সব ধরনের আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করেছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এ ধরনের দ্বৈত নীতির বিনাশ ঘটাতে হবে।
আমেরিকা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সৃষ্ট করেছে বলে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যে মন্তব্য করেছেন তাকে সমর্থন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। গতমাসে কারজাই কাবুলে অনুষ্ঠিত এক সম্মেলনে বলেছিলেন, “দায়েশ একটি আমেরিকান পণ্য।”
সিরিয়ার রাকা প্রদেশের রাকা শহরের ঠিক বাইরে সম্প্রতি দায়েশ বিরোধী হামলায় নিয়োজিত সিরিয়ার একটি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে মার্কিন বিমান বাহিনী। এ ছাড়া, মে ও জুন মাসে সিরিয়ার আল-তান্ফ এলাকায় দেশটির সেনা অবস্থানে একাধিকবার বিমান হামলা চালায় মার্কিন বাহিনী যাতে জানমালের ব্যাপক ক্ষতি হয়।
এর আগে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, সিরিয়া সরকারের পতন ঘটানোর লক্ষ্যে ২০১২ সালে জর্দানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র তত্ত্বাবধানে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়। এ ছাড়া, গত বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে তৎকালীন প্রসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দায়েশ সৃষ্টির জন্য সে সময়কার প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে দায়ী করেছিলেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭