পাকিস্তানের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আফগানিস্তান
-
জেনারেল আসিফ গফুর- দৌলাত ওয়াজিরি
পাকিস্তানের পারাচিনারে সাম্প্রতিক ভয়াবহ বোমা বিস্ফোরণের পরিকল্পনা আফগানিস্তানে বসে করা হয়েছিল বলে যে দাবি ইসলামাবাদ করেছে কাবুল তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
গত সপ্তাহে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার এলাকার একটি সবজির বাজারে ভয়াবহ জোড়া বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত ও ২০০ জনেরও বেশি আহত হয়। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ আফগানিস্তানে বসে ওই হামলার পরিকল্পনা করেছে।
এর প্রতিক্রিয়ায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলাত ওয়াজিরি বলেছেন, তার দেশে দায়েশের কোনো গোপন আস্তানা নেই এবং বাস্তবতা হচ্ছে যেসব জঙ্গি আফগানিস্তানে যুদ্ধ করছে তারা ডুরান্ট লাইনের ওপার থেকে আফগানিস্তানে প্রবেশ করেছে।
পাকিস্তানের সেনা মুখপাত্র জেনারেল আসিফ গফুর সম্প্রতি আফগান সরকারের সমালোচনা করে বলেছিলেন, আফগানিস্তানের কুনার ও নুরিস্তান প্রদেশে দেশটির সেনা মোতায়েন না থাকায় ওই দুই প্রদেশকে অভয়ারণ্যে পরিণত করেছে দায়েশ।
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ ২০১৫ সালের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের নানগারহার প্রদেশের বিশাল এলাকা দখল করে নেয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছিল নানগারহারের পাশাপাশি পার্শ্ববর্তী কুনার প্রদেশে দায়েশের অবস্থানে বিমান হামলা জোরদার করা হয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ২,৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ডুরান্ট লাইন হিসেবে পরিচিত। ১৮৭৩ সালে তৎকালীন আফগান বাদশাহ ও সে সময়কার ব্রিটিশ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে নির্ধারিত এই সীমান্তকে আফগানিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩