রাশিয়া সফরের আগে সংলাপ: ট্রাম্পকে অসন্তুষ্টির কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i41430-রাশিয়া_সফরের_আগে_সংলাপ_ট্রাম্পকে_অসন্তুষ্টির_কথা_জানিয়েছেন_চীনা_প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন সংলাপে নিজের অসন্তুষ্টি ও উদ্বেগের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ট্রাম্পকে বলেছেন, আমেরিকার কিছু নেতিবাচক পদক্ষেপের কারণে দু দেশের মধ্যকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৭ ১৪:১৯ Asia/Dhaka
  • ট্রাম্প (বামে) ও জিনপিং
    ট্রাম্প (বামে) ও জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন সংলাপে নিজের অসন্তুষ্টি ও উদ্বেগের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ট্রাম্পকে বলেছেন, আমেরিকার কিছু নেতিবাচক পদক্ষেপের কারণে দু দেশের মধ্যকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

রাশিয়া সফরে যাওয়ার আগ মুহূর্তে আজ (সোমবার) এ টেলিফোন সংলাপ করেন শি জিনপিং। এ সময় তিনি তাইওয়ানের কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন সরকারের অনুমোদনে অসন্তুষ্টি ব্যক্ত করেন। তিনি বলেন, তার সরকার আশা করে ‘এক চীন’ নীতির অনুসরণ অব্যাহত রাখবে ওয়াশিংটন। এছাড়া, উত্তর কোরিয়া ও চীনা ব্যাংকিং খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ওইদিনই চীন এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট ট্রাম্প এক চীন নীতি মেনে চলার বিষয়ে প্রেসিডেন্ট জিনপিংকে আশ্বস্ত করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩