প্রথমবারের মতো আইসিবিএম’র সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i41482-প্রথমবারের_মতো_আইসিবিএম’র_সফল_পরীক্ষা_চালাল_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র সফল পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানা সম্ভব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৭ ১৩:৪৯ Asia/Dhaka
  • প্রথমবারের মতো আইসিবিএম’র সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র সফল পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানা সম্ভব।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আজ (মঙ্গলবার) এক ঘোষণায় বলেছে, তাদের নেতা কিম জং-উনের সরাসরি তত্ত্বাবধানে এ পরীক্ষা চালানো হয়েছে।

হুয়াসং-১৪ নামের ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে ২,৮০২ কিলোমিটার উচ্চতায় ওঠার পর জাপান সাগরে অবস্থিত নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।  ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থান থেকে ৯৩৩ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সময় ব্যয় হয় ৩৯ মিনিট।  

উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রকাশিত ছবিতে পরীক্ষার আগ মুহূর্তে ক্ষেপণাস্ত্রটির সামনে দেশটির নেতাকে দেখা যায়

আজ দিনের শুরুতে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া একই পরীক্ষার খবর ভিন্নভাবে প্রচার করেছিল। পিয়ংইয়ং’র শত্রুভাবাপণ্ন দেশ দু’টি বলেছিল, মধ্যম-পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।  

পরীক্ষা সফল হওয়ার পর কিম জং-উনের উল্লাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানি প্রধানমন্ত্রী শিনযো অ্যাবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশটির ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘন্টা পর আইসিবিএম’র পরীক্ষা চালাল পিয়ংইয়ং।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪