ভারত মহাসাগরে সাবমেরিন এবং গোয়েন্দা জাহাজ পাঠাল চীন
ভারত মহাসাগরে সাবমেরিন এবং গোয়েন্দা জাহাজ মোতায়েন করেছে চীন। আমেরিকা, জাপান এবং ভারতের নৌমহড়ার আগে এ গুলোকে মোতায়েন করা হলো। মালাবার অনুশীলন নামে পরিচিত এ মহড়া আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে শুরু হওয়ার কথা রয়েছে।
ভারত মহাসাগরে ইউয়ান শ্রেণির প্রচলিত ডিজেল-ইলেক্ট্রিক ডুবোজাহাজ, ডুবোজাহাজে রসদ সরবরাহকারী জাহাজ চোংমিংদাও এবং গোয়েন্দা জাহাজ হাইউইংশিং মোতায়েন করেছে চীন।
দিল্লির নৌ কর্মকর্তারা একে তেমন গুরুত্ব না দিলেও গত দুই মাসে ভারত মহাসাগরে চীনের ১৩টি জাহাজের চলাচল শনাক্ত করা গেছে। এ সব জাহাজের অস্তিত্ব টের পাওয়া গেছে ভারতীয় নৌ উপগ্রহ জিএসএটি-২ এবং দীর্ঘপাল্লার টহল বিমান পি-৮১’র সহায়তায়। পূর্বাঞ্চলীয় সীমান্তে যখন দেশ দু’টির মধ্যে প্রচণ্ড টানাপড়েন অব্যাহত রয়েছে তখন সাগরের এ সব ঘটনা নিশ্চয়ই দিল্লিতে বিপদ ঘণ্টা বাজিয়েছে বলে অনুমান করছে রুশ সংবাদ সংস্থা স্পুতনিক।
ভারতীয় ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন গুরুপিরিত এস খুরানা বলেন, জিবুতির চীনা স্থাপনা নিয়ে বেইজিং যাই বলুক না কেন তা পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে। একই পথে চলেছে গোয়াদার বন্দরও। কৌশলগত দিক বিবেচনা করে পাকিস্তান খুশি মনেই এ কাজ করতে দেবে বলেও জানান তিনি।
চীন এবং পাকিস্তানের যৌথ মহড়া বাড়ানোর প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনীও নতুন নীতি গ্রহণ করছে। ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য যেন চ্যালেঞ্জের মুখে না পড়ে তাই নিশ্চিত করতে চাইছে নয়াদিল্লি। এ লক্ষ্য অর্জনের জন্য ভারতীয় সামরিক সম্পদকে নতুন করে মোতায়েনের প্রয়োজন দেখা দিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৪