নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দেয়ার কথা অস্বীকার করল রাশিয়া
-
মঙ্গরবার উত্তর কোরিয়া দাবি করে, দেশটি প্রথমবারের মতো একটি আইসিবিএমের সফল পরীক্ষা চালিয়েছে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়া বিষয়ক একটি বিবৃতি আটকে দেয়ার কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটি বলেছে, মস্কো শুধু উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য তুলে ধরতে চেয়েছিল মাত্র।
উত্তর কোরিয়া মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আমেরিকা তাকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হিসেবে উল্লেখ করলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেটি ছিল একটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
মঙ্গলবার উত্তর কোরিয়া দাবি করে, দেশটি একটি আইসিবিএম’র সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন সরকার তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিষদের মাধ্যমে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দেয়।
কিন্তু বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ ব্যাপারে পূর্ণাঙ্গ প্রস্তাব আনার পরিবর্তে ওই পরীক্ষার নিন্দা জানিয়ে একটি বিবৃতি পাস করাতে চেয়েছিল ওয়াশিংটন। ওই বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম বলা হলেও রাশিয়া জানায়, বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটিকে আইসিবিএম’র পরিবর্তে মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করতে হবে। আর এ সংক্রান্ত মতবিনিময় হয় জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপত্তা পরিষদের অপর পাঁচ স্থায়ী সদস্যদেশের রাষ্ট্রদূতদের মধ্যে গোপন ইমেইল যোগাযোগের মাধ্যমে। এই গোপন সংলাপ প্রকাশ করে দেয়ার তীব্র নিন্দাও জানিয়েছে রাশিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, উত্তর কোরিয়ার নিন্দা জানিয়ে আমেরিকার পক্ষ থেকে আনা বিবৃতির পক্ষে ভোট দিতে পিয়ংইয়ং’র সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র চীনের কোনো আপত্তি ছিল না। কিন্তু রাশিয়া ক্ষেপণাস্ত্রটিকে আইসিবিএম হিসেবে মেনে নিতে অস্বীকার করায় বিবৃতিটি পাস হতে পারেনি।
এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি যে সত্যিই আইসিবিএম ছিল তার প্রমাণ চাইলে ওয়াশিংটন মস্কোকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে পারে। তবে রাশিয়া এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭