ইরান সফরে আসছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
-
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ শিগগিরি তেহরান সফরে আসবেন। তেহরানের পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর যৌথ কমিশনের মধ্যে অনুষ্ঠেয় নির্ধারিত বৈঠকের আগে তিনি ইরানে আসছেন।
একটি উচ্চ রাজনৈতিক প্রতিনিধি দল নিয়ে উপ পৱরাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ আগামী মঙ্গলবার তেহরানে এসে পৌঁছাবেন। এরপর তিনি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে বসবেন বলে তেহরানে অবস্থিত রুশ দূতাবাসের প্রেস এ্যাটাশে এন্দ্রে গানেনঙ্কো আজ (রোববার) জানিয়েছেন।
তেহরানে দিনব্যাপী সফরে রুশ কূটনীতিক ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি। এছাড়া, বৈঠকে তেহরান-মস্কোর মধ্যে সম্পর্ক নিয়েও আলোচনা হবে বলে জানান গানেনঙ্কো।
ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর উপ উপরাষ্ট্রমন্ত্রীরা চলতি মাসের শেষের দিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু যৌথ কমিশনের বৈঠকে যোগ দেবেন বলে কথা রয়েছে। বৈঠকে সমঝোতার প্রতি আমেরিকার পক্ষ থেকে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে আলোচনা করা হবে জানিয়েছে ইরান।#
পার্সটুডে/বাবুল আখতার/৯