হামবুর্গে শি-মোদি দ্বিপাক্ষিক বৈঠকের খবর পরিষ্কার ভাবে অস্বীকার করল চীন
https://parstoday.ir/bn/news/world-i41888-হামবুর্গে_শি_মোদি_দ্বিপাক্ষিক_বৈঠকের_খবর_পরিষ্কার_ভাবে_অস্বীকার_করল_চীন
চীন আজ(সোমবার) বলেছে, জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকই হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০১৭ ১৯:১৯ Asia/Dhaka
  • হামবুর্গে শি-মোদি দ্বিপাক্ষিক বৈঠকের খবর পরিষ্কার ভাবে অস্বীকার করল চীন

চীন আজ(সোমবার) বলেছে, জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকই হয়নি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং আজ এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। ব্রিকস ভুক্ত দেশগুলোর অনানুষ্ঠানিক বৈঠকের অবকাশে শি-মোদির বৈঠক হয়েছে কিনা জানতে চাওয়া হলে এ জবাব দেন তিনি। তিনি বলেন, প্রেসিডেন্ট শির সভাপতিত্বে  ব্রিকস নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিলেও তাদের মধ্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানামতে  কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি বলে জানান তিনি। 

দুই নেতার প্রকাশিত ছবির ভিত্তিতে আবারো প্রশ্ন করা হয়, শি-মোদির মধ্যে ‘কোনো বৈঠক হয়নি নাকি ‘কাঠামোগত কোনো বৈঠক হয়নি। জবাবে তিনি বলেন, আমি বহুবার বলেছি, জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে দুই নেতার মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। অবশ্য, অনানুষ্ঠানিক বৈঠকে সভাপতিত্ব করেছেন শি এবং তাতে মোদি উপস্থিত ছিলেন বলে জানান হয়।

দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি পরিষ্কার করার জন্য আবারো প্রশ্ন করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র গেং বলেন, হামবুর্গে শি এবং মোদির মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি।

অবশ্য, এর আগে, হামবুর্গ থেকে দেয়া টুইট বার্তায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছিলেন, হামবুর্গে চীনের আয়োজিত ব্রিকস নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের অবকাশে মোদি এবং শি অনেক ইস্যুতে আলাপ করেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/১০