সিরিয়া বিষয়ে ইসরাইলি লবির নানা ষড়যন্ত্র সম্পর্কে ইরানের হুঁশিয়ারি
-
রাশিয়ার বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরেন্টিইভ ও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার বৈধ সরকারকে দুর্বল করতে ইহুদিবাদী লবি ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
তারা রাজনৈতিক ও নিরাপত্তার সমীকরণে এসব পাঁয়তারা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।
তেহরানে সিরিয়া বিষয়ে রাশিয়ার বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরেন্টিইভ-এর সঙ্গে আজ (শনিবার) এক বৈঠকে আলী শামখানি এসব মন্তব্য করেছেন।
তিনি আরও বলেছেন, সিরিয়া সংকটে জড়িত সব পক্ষকে অবশ্যই দেশটির জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।
শামখানি বলেন, সিরিয়া বিষয়ক যে কোনো সমঝোতাকে অবশ্যই এই অকাট্য নীতির সীমানা লঙ্ঘন কিংবা দেশটির ভাঙ্গনের ক্ষেত্র তৈরির অবস্থা থেকে মুক্ত রাখতে হবে।
তিনি আরও বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের অত্যন্ত গভীর ও ব্যাপক বিস্তৃত বন্ধন রয়েছে। ইসরাইল তাদের মদদ দিচ্ছে ও ইসরাইলের সীমানাগুলোর কথিত নিরাপত্তা রক্ষার জন্য এইসব গোষ্ঠীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ ফিলিস্তিনি জনগণের ওপর দমন-পীড়ন অব্যাহত রাখাও ইসরাইলের এইসব তৎপরতার লক্ষ্য বলে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মন্তব্য করেন।
সিরিয়ায় সক্রিয় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী যুদ্ধ-বিরতি ও রাজনৈতিক সংলাপের সুযোগ নিয়ে অগ্রহণযোগ্য ও উদ্বেগজনক তৎপরতা চালাচ্ছে বলে তিনি সতর্ক করে দেন। তারা এইসব সুযোগের অপব্যবহার করে নিজেদের দুর্বল অবস্থা কাটানোর চেষ্টা করছে বলে শামখানি মত প্রকাশ করেন।
অ্যাডমিরাল শামখানি আরও বলেছেন, সন্ত্রাসী এই গোষ্ঠীগুলো কোনো সমঝোতার প্রতি অঙ্গীকারবদ্ধ নয় এবং তারা যুদ্ধ-বিরতির সুযোগে নিরপরাধ জনগণকে হত্যা করবে ও তাদের অন্য অমানবিক লক্ষ্যগুলো হাসিলের চেষ্টা করবে।
সিরিয়া বিষয়ে রাশিয়ার বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরেন্টিইভ এই বৈঠকে বলেছেন, ইরান, রাশিয়া ও সিরিয়া সন্ত্রাসবাদ বিরোধী আসল লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে এবং এক্ষেত্রে মৌলিক দিক-নির্ধারণী ভূমিকা রাখছে।
সন্ত্রাসবাদ নির্মূলে এই তিন দেশের কৌশলগত সহযোগিতাকে খুব জোরালোভাবে এগিয়ে নেয়ার ওপর জোর দেন তিনি। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/১৫