আঙ্কারায় এরদোগান বিরোধী বিক্ষোভ; আটক ৬১
-
বিক্ষোভকারী জনতাকে লক্ষ্য করে তুর্কি পুলিশের হামলা
তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভুত্থানে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষককে আটক রাখার প্রতিবাদে রাজধানী আঙ্কারায় সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার অনুষ্ঠিত এ বিক্ষোভে প্রতিবাদী জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং পুলিশ অন্তত ৬১ জনকে আটক করেছে।
আঙ্কারার কিজিলাই স্কয়ারের কাছে সমবেত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ পানি কামান ব্যবহার এবং মরিচের গুঁড়া নিক্ষেপ করেছে।
প্রায় দু’মাস আগে তুর্কি পুলিশ দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষক নুরি গুলমেন ও প্রাইমারি স্কুল শিক্ষক সেমিহ ওজাকাকে আটক করে। গত বছরের সামরিক অভুত্থান প্রচেষ্টায় হাত থাকার অভিযোগে চাকুরি থেকে বরখাস্ত হওয়ার প্রতিবাদে আরো অনেকের মতো ওই দুই শিক্ষক যখন অনশন ধর্মঘট করছিলেন তখন তাদের আটক করা হয়।
অভ্যুথানের জেরে প্রায় দেড় লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে ওই দুই শিক্ষকের অনশন ধর্মঘট গোটা তুরস্ককে নাড়া দিয়েছিল।
২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের একদল জুনিয়র সেনা কর্মকর্তা অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। রক্তক্ষয়ী ওই অভ্যুত্থান প্রচেষ্টায় অন্তত ২৫০ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়। এরপর থেকে ওই অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কাজ শুরু করে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সরকার। তুর্কি পুলিশ ৪০ হাজারেরও বেশি লোককে আটক এবং প্রায় দেড় লাখ সরকারি চাকুরিজীবীকে বরখাস্ত করে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪