এই ঔদ্ধত্যের কঠিন জবাব দেবে রাশিয়া: পুতিন
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো নিশ্চিতভাবে তার কঠিন জবাব দেবে। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করার পর প্রেসিডেন্ট পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
পুতিন বলেন, “আমাদের দেশের প্রতি এ ধরনের ঔদ্ধত্য সীমাহীনভাবে সহ্য করা অসম্ভব।” ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সলি নিনিস্তোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। রাশিয়ার ওপর দফায় দফায় মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার কারণে মস্কোর ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে কোন পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তার ওপর ভিত্তি করে মস্কো এবার নিশ্চিতভাবে তার জবাব দেবে। তিনি আরো বলেন, “আমরা খুবই ধৈর্যের সঙ্গে আচরণ করেছি কিন্তু কখনো কখনো আমাদের জবাব দেয়ার প্রয়োজন রয়েছে। যখন জবাব দেয়া হবে তখন আমরা দেখব এটা কী ধরনের জবাব হবে।”
২০১৪ সালে ইউক্রেন সংকট শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আমেরিকা। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮