‘খোলা সাগরে চীনা বিমান বাহিনীর যুদ্ধ অনুশীলন নিয়মিত বিষয় হয়ে উঠছে’
চীনা বিমান বাহিনী বলেছে, খোলা সাগরে তাদের যুদ্ধ অনুশীলন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
চীনা বিমান বাহিনীর মুখপাত্র শেন জেনকি বলেন, দূরবর্তী সাগরে তার দেশের বিমান বাহিনীর অনুশীলন বাঁধা-ধরা, নিয়মানুগ এবং বাস্তব বিষয়ে পরিণত হয়েছে।
‘আর্মি গেমস-২০১৭’ নিয়ে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবাইয়ের রাজধানী উহ্যানে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি। গত কয়েক বছরে খোলা সাগরে চীনের অনুশীলন অনেক বেড়েছে বলেও জানান তিনি। এছাড়া, বাশি এবং মিয়াকো প্রণালীর আকাশে চীনের সাম্প্রতিক বিমান উড্ডয়নের মধ্যদিয়ে বিমান বাহিনীর খোলা সাগরে রণ সক্ষমতার পরীক্ষা চালানো হয়েছে। মিয়াকো প্রণালী দক্ষিণাঞ্চলীয় জাপানি দুটি দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত। আর বাশি প্রণালীর অবস্থান তাইওয়ান ও ফিলিপাইনের মাঝামাঝি।
শেন জেনকি বলেন, আন্তর্জাতিক আইন মেনেই চালানো হয় এসব অনুশীলন। কোনো দেশ বা অঞ্চলের বিরুদ্ধে এসব অনুশীলন চালানো হয় না উল্লেখ করে তিনি বলেন, চীনা সামরিক এবং জাতীয় প্রতিরক্ষা গড়ে তোলার প্রয়োজনে এগুলো করতে হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮